এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড। বুধবার বৃষ্টি বিঘ্নিত চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৬ উইকেকেটর জয় পেয়েছে ইংলিশরা।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারে ৫ উইকেটে ৩০৫ রান করে শ্রীলঙ্কা। এর আগে শ্রীলঙ্কার ইনিংসের ১৯তম ওভারে বৃষ্টি নামে। এক ঘণ্টার বেশি সময় পরে খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। তবে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৩০৮ রান।
বিশাল এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মঈন আলীর উইকেট হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে জো রুটের সঙ্গে ১৪৯ রানের জুটি গড়েন রয়। এ সময় রয় তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ও সিরিজের দ্বিতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত রয় ১১৮ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১৬২ রান করে প্রদিপের বলে আউট হন।
রুটের ব্যাট থেকে আসে ৬৫ রান। শেষ দিকে জনি বেয়ারস্টো ও জস বাটলার ছোট দুটি ইনিংস খেলে ৪০.১ ওভারে চার উইকেট হারিয়ে দলকে জয় পাইয়ে দেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান নুয়ান প্রদিপ। আর একটি করে উইকেট নেন সুরঙ্গ লাকমাল ও দানুশকা গুনাথিলাকা। ম্যাচ সেরা হন জেসন রয়।
এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলো ইংল্যান্ড।
