ইউরোপে খেলা অনেক বড় বড় তারকাই ক্যারিয়ার শেষ সময়টা কাটিয়েছেন ইউরোপের বাইরে। যুক্তরাষ্ট্রে খেলেছেন ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম, মধ্যপ্রাচ্যে খেলেছেন ইতালিয়ান তারকা এরিক ক্যানাভেরো। সর্বশেষ ভারতে এসে খেলে গেছেন তুরিনের ওল্ড লেডি জুভেন্টাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অ্যালসেন্দ্রো ডেল পিয়েরো।
তবে বিগত কয়েক বছরে ফুটবলারদের নতুন ঠিকানা হচ্ছে চীন। এর আগে আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা নাম লেখান চীনের ক্লাবে। এবার চীনা ক্লাবে যোগ দিলেন ব্রাজিলের তারকা ফুটবলার হাল্ক।
চীনের ক্লাব সাংহাই এসআইপিজির সঙ্গে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর করেছেন হাল্ক। রাশিয়ার জেনিথ সেন্ট পিটার্সবার্গ থেকে রেকর্ড পরিমান অর্থের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে চীনা সুপার লীগের ক্লাবটি।
শুক্রবার একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ চুক্তির বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন চীনা ক্লাবটির এক মুখপাত্র।
এর আগে হাল্কের পারিশ্রমিক হিসেবে জেনিথ তাকে আনুমানিক ৫৫ মিলিয়ন ইউরো প্রদান করেছে বলে রুশ সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে। তবে টুইটার বার্তার মাধ্যমে চীন ক্লাবটির জেনারেল ম্যানেজার সুই গাওইয়ং জানিয়েছেন, অর্থের পরিমান এত বেশি নয়।
এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে যে ৫৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে হাল্ককে দলে ভিড়িয়েছে চীনা ক্লাবটি। যা এশিয়ান দল বদলের বাজারে এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে দলবদলের সর্বোচ্চ ফি ছিল ৫০ মিলিয়ন ইউরো। শাখতার দোনেস্ক থেকে চলতি বছরের শুরুতে অ্যালেক্স তেইজিরিয়াকে দলে ভেড়ানোর সময় ওই অর্থ ব্যয় করেছিল আরেক চীনা ক্লাব জিয়াংসু সুনিং।
