ময়মনসিংহে ১৬ হাজার টন ভিজিএফ চাল বিতরণ

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৭:৪৩
ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার দুস্থ ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ১৬ হাজার টন চাল বিতরণ শুরু করেছে সরকার।
 
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় (ডিআরআরও) সূত্র জানায়, কর্মসূচির আওতায় জেলার ১৩টি উপজেলায় ১৬ হাজার টন চাল বিতরণের জন্য বরাদ্দ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জেলা কার্যালয় জানায়, বরাদ্দকৃত চাল ১৩ টি উপজেলার ৮ লাখ তালিকাভুক্ত ভিজিএফ কার্ড হোল্ডারের মাঝে বিতরণ করা হবে এবং কার্ড প্রতি ২০ কেজি চাল দেওয়া হবে।
 
ডিআরআরও মোহাম্মদ হোসেন বাসসকে জানান, ইতিমধ্যে বরাদ্দকৃত চাল উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্বাবধানে সুষ্ঠভাবে বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে ধোবাউড়া উপজেলায় ৪০ হাজার ৩৪ জন, ফুলপুর উপজেলায় ৬১ হাজার ২১ জন, তারাকান্দি উপজেলায় ৫৯ হাজার ৯শ' ৪৮ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৬৭ হাজার ৯শ' ৬৭ জন, গৌরিপুর উপজেলায় ৫৭ হাজার ৬শ' ৬ জন, নান্দাইল উপজেলায় ৭১ হাজার ৩শ' ৬১ জন, ফুলবাড়িয়া উপজেলায় ৭৮ হাজার ৭শ' ৭৩ জন, হালুয়াঘাট উপজেলায় ৫০ হাজার ৮শ' ৯৬ জন, মুক্তাগাছা উপজেলায় ৭০ হাজার ৮শ' ৮০ জন, ত্রিশাল উপজেলায় ৬৯ হাজার ৪৩ জন, গফরগাঁও উপজেলায় ৬৭ হাজার ৯শ' ৬০ জন, ভালুকা উপজেলায় ৬৪ হাজার ৬শ' ৪৪ জন এবং সদর উপজেলায় ৪৭ হাজার ৫শ' ৫ জন ভিজিএফ কার্ড হোল্ডার রয়েছে। খবর- বাসস।