ফুটবল দলের নতুন টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি

আপডেট : ৩০ জুন ২০১৬, ২০:৫০
টম সেইন্টফিটের পর দেশের ফুটবলে পল স্মলি নামের আরেক নতুন চরিত্র যোগ হচ্ছেন। প্রথম জন বেলজিয়ান কোচ, পরের জন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর। দুইয়ে মিলে নতুন শুরুর প্রত্যাশা করছে বাংলাদেশ ফুটবল।
 
লোডউইক ডি ক্রুইফকে বিদায় করে বাফুফে নিয়োগ দিচ্ছে টম সেইন্টফিটকে। এই বেলজিয়ান কোচ নিজের খরচে ঢাকা এসে ফেডারেশন কাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল দেখেছেন। আলোচনা করেছেন বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির প্রধানের সঙ্গে। বাংলাদেশ দলের কোচের চাকরি পাকা করেই ৪৩ বছর বয়সী কোচ দেশে ফিরে গেছেন।
 
বায়োডাটা বিশ্লেষণ করলে বিদায়ী ডাচ কোচ ক্রুইফের চেয়ে নতুন বেলজিয়ান কোচ অনেক এগিয়ে থাকে। এর মধ্যে তিনি বেশ কয়েকটি জাতীয় দল নিয়ে কাজ করেছেন। বেশির ভাগ সময়ই কাজ করেছেন আফ্রিকান ফুটবলে।
 
তাই তাঁর কাছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনেক প্রত্যাশা ভুটান ম্যাচ নিয়ে। তিনি বলেস, ‘তাকে দুই মাসের জন্যই নেবো। ভুটানের সঙ্গে প্লে-অফ ম্যাচ দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী ১২ তারিখ টম ঢাকায় ফিরে কাজ শুরু করবেন, অল্প সময়ের জন্য বলে কোনো বিদেশি কোচিং স্টাফ থাকবে না।’
 
এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ, থিম্পুতে ফিরতি ম্যাচ খেলবে ১১ অক্টোবর। টম সেইন্টফিটের প্রথম মিশন ভুটান জয়, সেটা জিতলেই হতে পারে দীর্ঘমেয়াদি চুক্তি। 
 
তবে কার্যনির্বাহী সভা হয়নি বলে বাফুফে নতুন কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে না। এই বেলজিয়ান কোচ ঢাকায় থাকার সময়ই হাজির হয়েছেন ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে বয়সভিত্তিক দল নিয়ে কাজ করেছেন। 
 
পোর্টসমাউথ ফুটবল ক্লাবের যুব দলের পরিচালকের দায়িত্ব পালন করা এই টেকনিক্যাল ডিরেক্টর নিউজিল্যান্ড ফুটবল উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের এক ফুটবল ক্লাবে কাজ করা পল অস্ট্রেলিয়ার পার্থে বসে বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখছেন।
 
বাফুফে সভাপতি মনে করেন এ টেকনিক্যাল ডিরেক্টরের ফুটবল-প্ল্যানে দেশের ফুটবলে পরিবর্তন আসবে। তিনি বলেন, ‘তার সঙ্গে কিছু কথা হয়েছে, আরো হবে। ফুটবল ডেভেলপমেন্টে তার অভিজ্ঞতা অনেক, তাকে নিতে পারলে অবশ্যই ইতিবাচক হবে। আমরা চেষ্টা করছি।’
 
সভাপতি নিশ্চিত না করলেও এই টেকনিক্যাল ডিরেক্টরকে রাখার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেছেন। কারণ এই ব্রিটিশ টেকনিক্যাল ডিরেক্টরের জন্য ফ্ল্যাট দেখার কাজও শুরু হয়ে গেছে। গুলশানে গিয়ে বাচ্চাদের স্কুলও দেখেছেন। ‘তার সঙ্গে চুক্তি করলে দুই বছরের করব। তার কাজ হবে, সারা দেশ ঘুরে ফুটবল উন্নয়নের একটা পরিকল্পনা তৈরি করা, জাতীয় দলের একটা পাইপলাইন দাঁড় করানো’ বলেছেন বাফুফে সভাপতি।
 
পল স্মলিকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিলে যোবায়ের নিপুর কী হবে? সভাপতির জবাব, ‘আমি তো কাউকে ছাঁটাই করিনি কখনো। এই চার বছর নতুন করে একবার চেষ্টা করে দেখছি।’