ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছ থেকে শিক্ষা নিয়ে, দল থেকে পদত্যাগ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনীতি ছেড়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নে থাকার সিদ্ধান্ত নিয়ে গণভোটে হেরে গেছেন। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। খালেদা জিয়াও সিদ্ধান্ত নিয়ে নির্বাচন বয়কট করে নির্বাচন ঠেকানোর সিদ্ধান্ত নিয়ে পরাজিত হয়েছেন। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে এবং গুপ্তহত্যা করে সরকারকে বেকায়দায় ফেলতে গিয়ে নিজেই বেকায়দায় পড়েছেন। এবার বিএনপি থেকে পদত্যাগ করে তার উচিত রাজনীতি থেকে অবসর নেয়া।
খালিদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ ছিলেন, দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটিয়েছেন, বিরোধী দলীয় নেতা হিসেবেও ব্যর্থ ছিলেন, একজন মা হিসেবেও তিনি ব্যর্থ। নিজের ছেলেদের মানুষ হিসেবে গড়তে পারেনি। জীবনের সবক্ষেত্রে পরাজিত খালেদা জিয়ার এবার অবসর নেয়া উচিত।
দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের নবনির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন খালিদ মাহমুদ ১৯টি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন ও দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ করেন।
