বন্দরে ডকইয়ার্ডে ছাত্রলীগ ক্যাডারের হামলা, শিশু গুলিবিদ্ধ

আপডেট : ৩০ জুন ২০১৬, ২৩:২৭
চাঁদার দাবীতে ছাত্রলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বন্দর উপজেলায় বৃহস্পতিবার বিকেলে অস্ত্রশস্ত্র নিয়ে খান মাসুদের নেতৃত্বে ডকইয়ার্ডে আবারও হামলা চালানো হয়েছে। ‘বাংলা ডকইয়ার্ড’ নামে একটি বেসরকারী বাল্কহেড মেরামত ও নির্মাণকারী প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।  এ সময় ৯ বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়। তাছাড়া চার ব্যক্তি আহত হয়েছে। ওই সময়ে ডকইয়ার্ডে ব্যাপক ভাঙচুর করা হয়। তবে ছাত্রলীগ নেতার দাবী, শ্রমিকদের সঙ্গে মালিকের সংঘর্ষের ঘটনা এটি।
বন্দর খেয়াঘাট সংলগ্ন সরকারী খাস জমি লিজ নিয়ে বাংলা ডকইয়ার্ড নামে একটি ডকইয়ার্ড স্থাপন করেন হাজী আবুল কালাম বাসু। তিনি জানান,  খান মাসুদের বেপরোয়া কর্মকাণ্ডে বন্দরবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ তার কাছে দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করছিল। চাঁদা না দেয়ায় এর আগে কয়েকবার ডকইয়ার্ডে হামলা চালায় খান মাসুদ। সে কয়েকবার ডকইয়ার্ডটি তালাবদ্ধ করে দেয়। পরে প্রশাসনের সহায়তায় তালা খোলা হয়। এরপর হামলাকারীরা মোস্তফা (২৩), হোসেন (২৫) মাসুদ (২৪), নাদিম (২২) নামের চার শ্রমিককে পিটিয়ে আহত করে তারা। পরে অফিসের তালা ভেঙ্গে ৪ লাখ ৪০ হাজার টাকা লুট করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসে। এলাকাবাসী আর পুলিশের ধাওয়া খেয়ে মাসুদের বাহিনী পিছু হটে।
তবুও তারা যাওয়ার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। তখন স্টাডি কিন্ডার গার্টেনের সামনে মাসুম মিয়া নামের ৯ বছরের শিশু গুলিবিদ্ধ হয়। মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুম একরামপুর এলাকার মাছ বিক্রেতা হাবিবুর রহমানের ছেলে। সে ব্র্যাক স্কুলের ২য় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। হামলায় ডকইয়ার্ডের মালিক ও বাংলাদেশ হকার্সলীগের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম বাসুসহ নামে ৪ জন আহত হয়। 
তবে হামলার ঘটনা অস্বীকার করে খান মাসুদ জানান, বাংলা ডকইয়ার্ডটি তার চাচা কুতুবউদ্দিন খানের মালিকানাধিন। আবুল কালাম বাসু ভাড়া নিয়ে তা দখল করে রেখেছেন। আমি হামলা করিনি বরং পাওনা টাকার জন্য বাসুর সঙ্গে শ্রমিকদের সংর্ঘষ হয়েছে। আমার নেতৃত্বে হামলার অভিযোগ সত্য না। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হানিফ ও জাহাঙ্গীর নামের দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।