অগ্রণী ব্যাংকের ডিএমডি ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৪:৪২
 
অগ্রণী ব্যাংকের ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের সাত দিনের হেফাজতে নেয়ার আবেদনের শুনানি শেষে শুক্রবার মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন।
 
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী কবির হোসাইন। আর হেফাজতে নেয়ার আবেদন বাতিল চান ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার ও ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান।
 
আসামি পক্ষ মিজানুরের চিকিত্সার আবেদন করলে আদালত কারাবিধি অনুসারে ব্যবস্থা নিতে বলেন। অগ্রণী ব্যাংকের ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়ম পাওয়ায় বৃহস্পতিবার সকালে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হামিদকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে ডিএমডি মিজানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন।