'আতঙ্ক আর মৃত্যুদণ্ডের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ'

আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৯:১৯
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'চিহ্নিত খুনিরাও ক্ষমতাসীন আওয়ামী লীগের লোক হওয়ায় রাষ্ট্রপতির ক্ষমা পাচ্ছেন। বাংলাদেশ এখন আতঙ্ক, সিরিয়াল কিলিং, হাতকড়া অবস্থায় রিমান্ডে হত্যা ও মৃত্যুদণ্ডের দেশে পরিণত হয়েছে।' শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
 
রিজভী বলেন, সারাদেশ ঈদুল ফিতরের প্রাক্কালে মানুষের মনে উৎসবের আনন্দ নেই। ব্যাপক গ্রেফতার, আটক অবস্থায় অমানুষিক নির্যাতন, নিরপরাধ মানুষকে গ্রেফতার করে টাকা আদায় আর মৃত্যুদণ্ডের দেশে পরিণত হয়েছে। পুলিশের হয়রানী আর বিচার ও প্রশাসনের রোষের শিকার হওয়া মানুষের ভাগ্যটীকা হয়ে গেছে। 
 
তিনি বলেন, চিহ্নিত হত্যাকারীরা সরকারি দলের লোক হওয়ার কারণে রাষ্ট্রপতির ক্ষমা লাভ করে, আর বিএনপিসহ বিরোধী দলের লোকেরা গণতন্ত্রের কথা বললে ভয়াবহ মামলায় জড়িয়ে কারাগারে ঢোকানো হয়। আওয়ামী মন্ত্রী-এমপি’র পুত্র-জামাই’রা প্রকাশ্যে খুন করার পর কারাগারে ফ্রিজ টিভিসহ জামাই আদরে রাখা হয়। বিএনপি নেতাকর্মীদের শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি পালনের অপরাধে গ্রেফতার করে স্বীকারোক্তি আদায়ের জন্য রিমান্ডে নির্যাতন করে দেহ থেঁতলে দেয়া হয়। 
 
রিজভী অভিযোগ করে বলেন, ঈদুল ফিতরের কয়েক দিন আগেই গ্রেফতার করা হলো তানোর পৌর মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানকে। অথচ অস্ত্রসহ আটক হয়েছিল চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনী, তাকে গতকাল মুক্তি দেয়ার পর ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে মিজানুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
 
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
-ফোকাস বাংলা