কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে কৌতুহল

যশোরে কব্জি উড়ে গেছে এক কিশোরের

আপডেট : ০১ জুলাই ২০১৬, ২৩:১৪
কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে কৌতুহল মেটাতে গিয়ে বিস্ফোরণে শাওন হাসান নামে ১৪ বছরের এক কিশোরের ডান হাতের কব্জি উড়ে গেছে। শুক্রবার দুপুরে যশোর শহরের ঘোপ ধানপট্টি এলাকার নানিবাড়ি বেড়াতে এসে সে এই দুর্ঘটনার শিকার হয়। শাওন শহরতলী শেখহাটি জামরুলতলা মোড় এলাকার কোরবান আলীর ছেলে।
উপশহর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব হোসেন জানান, পরিত্যক্ত জায়গায় বোমাটি কুড়িয়ে পেয়ে কিশোর শাওন কৌতুহলবশত একটি বাঁশের সঙ্গে সেটিকে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত মারাত্মকভাবে জখম হয়। হাতটি ‘টিকবে না’ বলে তিনি মন্তব্য করেন। তবে কারা বোমাটি সেখানে রেখেছিল এ ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
আহত শাওন হাসানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কিন্তু অবস্থা  গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। চিকিৎসক রাজীব পাল জানান, বোমার বিস্ফোরণে কিশোরটির ডান হাতের কব্জি উড়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।