খুলনায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে ঢাকার গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মহানগরীসহ জেলায় বর্তমানে ২৩০জন বিদেশি নাগরিক রয়েছে। এরমধ্যে খুলনা মহানগরীতে ১৯০জন এবং রূপসা উপজেলায় ৩০ জন, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় ১০ জন বিদেশি রয়েছেন। এদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যা শতাধিক।
বিদেশি এসব নাগরিক বেসরকারি সংস্থা (এনজিও) ও বিভিন্ন মাছ কোম্পানিতে কাজ করছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেয়ার জন্য প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
