অনাগত সন্তানের মুখ দেখা হলো না রবিউলের

আপডেট : ০২ জুলাই ২০১৬, ১০:১৮
 
অনাগত সন্তানের মুখ দেখা হলো না ডিবির সহকারী কমিশনার রবিউল ইসলামের। শুক্রবার রাতে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় তিনি নিহত হন।
 
এই ঘটনায় আরো নিহত হয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন আহমদ খান। গুলিবিদ্ধ হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য।
 
রাত পৌনে নয়টার দিকে সাত থেকে আট জঙ্গি রেস্তোরায় হামলা চালিয়ে সেখানে বিদেশিসহ কয়েকজনকে জিম্মি করে।  সেখানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন রবিউল ইসলাম। তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
 
আহত হওয়ার খবর পেয়ে সাভার থেকে রওনা দেন তার পরিবারের সদস্যরা। এর মধ্যে ছিলেন রবিউলের সাত বছরের সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী। হাসপাতালে যাওয়ার পথেই তারা রবিউলের মৃত্যুর খবর পান।