বরগুনা শহরের সার্বজনীন কালী মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে।
মন্দিরের সাধারণ সম্পাদক মিলন দাস বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে মন্দিরে প্রবেশ করলে একটি চিঠি ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। চিঠিতে লেখা রয়েছে- তোর মাথা নিয়ে যাবো এই আমাদের ইচ্ছা, আমরা এখন কিলিং মিশনে আছি বরগুনা জেলায়। মৃত্যুবরণ, হত্যা, পুরোহিত তোর মৃত্যু আমাদের হাতে, কাউকে কিছু বললে তোর মৃত্যু হবে ২৪ ঘণ্টায়। প্রচারে : পুরোহিত হত্যা সংগঠন।’
পুরোহিত রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমরা নিরাপত্তা চাই, ধর্মকর্ম করে স্বাভাবিকভাবে জীবনযাবন করতে চাই।’
পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল বলেন, সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে নিজস্ব উদ্যোগে পাহারার নির্দেশ দেয়া হয়েছে।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, মন্দিরে সাদা পোশাকে সার্বক্ষণিক পুলিশের নিরাপত্তা প্রদান করা হবে।
