মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট : ০২ জুলাই ২০১৬, ২১:৪১
মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
 
শনিবার বিকালে উপজেলার কেওটখালীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন টুঙ্গীপাড়ার লিয়ন মাস্টার (৪০), বাগেরহাটের উত্তর খানপুর এলাকার খলিলুর রহমান (৩৩), শ্রীনগর উপজেলার ব্রাক্ষ্মণখোলা গ্রামের জলিল খানের ছেলে মঈন খান (২৮)। মঈন খান শ্রীনগর উপজেলার কৃষি ব্যাংকের বালাসুর শাখার কর্মকর্তা। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
শ্রীনগরের থানার ওসি সাহিদুর রহমান জানান, ঢাকা থেকে মাওয়াগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।