ঈদে নাশকতা এড়াতে প্রস্তুত রেলওয়ে বাহিনী

আপডেট : ০২ জুলাই ২০১৬, ২২:৪৩
রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, 'আসন্ন ঈদুল ফিতরে ট্রেন যাত্রীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ট্রেনে কোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড ও দুর্ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য রেলওয়ে বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।'
 
তিনি শনিবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। মুজিবুল হক বলেন, 'ঈদে লাখো যাত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার ও রেলওয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীরা যাতে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও আনন্দে বাড়ি যেতে পারেন।'
 
যাত্রীদের টিকিট প্রাপ্তির কথা বলতে গিয়ে তিনি বলেন, এবছর ঈদের ১০ দিন আগে থেকে টিকিট দেয়া শুরু হয়েছে। চলতি বছর থেকে পুরুষ কাউন্টারের পাশাপাশি মহিলা টিকিট কাউন্টার খোলা হয়েছে। ফলে ঝামেলামুক্ত পরিবেশে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে টিকিট সংগ্রহ করতে পেরেছেন।
 
এসময় রেলমন্ত্রী ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সাথে হাত উঁচিয়ে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন। যাত্রীদের কোন ধরনের ভোগান্তি হচ্ছ কিনা তারও খোঁজখবর নেন।
মুজিবুল হক বলেন, এখনও পর্যন্ত ট্রেনের কোন শিডিউল বিপর্যয় ঘটেনি। যান্ত্রিক সমস্যার কারণে দু’একটি ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে। আশা করি ঈদে সবগুলো ট্রেন সঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে যাবে।
 
তিনি বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর যাত্রীর সংখ্যা ১০ হাজার বেড়েছে। গত বছর যাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। এবছর ২ লাখ ৬০ হাজার যাত্রী বহন করা হবে। পরিদর্শন-কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আলম, ডিজি আমজাদ হোসেন, এডিজি মো. হাবিবুর রহমান, রেল হেডকোর্য়ার্টার্স এর অতিরিক্ত আইজিপি মো. আবুল কাশেম, রেলওয়ে রেঞ্জ ডিআইজি সামসুজ্জামান, অতিরিক্ত ডিআইজি গোলাম মোর্শেদ, চীফ কর্মাশিয়াল ম্যানেজার সর্দার শাহাদাৎ হোসেন, বিমানবন্দর রেলস্টেশনের মাস্টার মরণচন্দ্র দাস তার সঙ্গে ছিলেন।