রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় দুইদিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করছে বাংলাদেশ। রবিবার ও সোমবার এই শোক প্রকাশ করা হবে।
শনিবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিন রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘোষণা দেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, ৩ ও ৪ জুলাই এই রাষ্ট্রীয় শোক প্রকাশের সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ও জনগণ কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়াও মসজিদে মোনাজাত এবং মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হবে।
গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারীরা হামলা চালায়। শনিবার সকালে যৌথ বাহিনীর অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয় যার মধ্যে ১৭ বিদেশি ও তিনজন বাংলাদেশি। এছাড়া অস্ত্রধারীদের ছোড়া বোমার আঘাতে ডিবি পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হন।
