নবাবগঞ্জে ভারতীয় ওষুধ ও ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:০২
 
দিনাজপুরের হিলির বাসুদেবপুর ও সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক দুইটি অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। রবিবার ভোরে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, হিলি সিপি রোড এলাকার ছানোয়ার হোসেনের স্ত্রী জুলেখা বেগম (২৭) ও ধরান্দা এলাকার বাবলু রহমানের ছেলে ইয়াসির আরাফাত (২২)।
 
হিলির বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ক্যাম্পের হাবিলদার আব্দুল হান্নানের নেতৃত্বে বিজিবি সদস্য রবিবার ভোরে নবাবগঞ্জের চড়ারহাট এলাকায় অভিযান চালালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা সেনেগ্রা, ডেক্সিন, প্র্যাকট্রিন, এভিল, টিটেনাস ইনজেকশন, প্রোভিটসহ বিভিন্ন প্রকার সাড়ে ৪ লাখ পিস যৌন উত্তেজক, নেশা জাতীয় ও গরু মোটাতাজাকরণ ওষুধ উদ্ধার করে।
 
এদিকে বিজিবি হিলি সিপি ক্যাম্পের সুবেদার সিরাজুল ইসলাম জানান, ক্যাম্পের একটি টহলদল টহল দেয়ার সময় হিলির সিপি মোড় এলাকার ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ জুলেখা বেগম (২৭) ও ইয়াসির আরাফাত (২২) আটক করে।
 
বিজিবি’র পক্ষ থেকে আটককৃত ভারতীয় ওষুধ ও ফেনসিডিলের মূল্য এক কোটি টাকা বলে দাবি করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।