সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের ভাইরাসযুক্ত চিংড়ি (গলদা) পোনা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের কোমরপুর এলাকা থেকে তিনটি ইঞ্জিনভ্যান ভর্তি ৬ লাখ ৩০ হাজার চিংড়ি পোনার রেনু উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র গোয়েন্দা সদস্য আব্দুল করিম জানান, ভোমরা বিওপির কোম্পানি কমান্ডার আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের কোমরপুর হাজামন মোড়ে অভিযান চালান। এ সময় সেখানে ভারত থেকে অবৈধ পথে আনা ইঞ্জিনভ্যান ভর্তি চিংড়িপোনা (গলদা রেনু) উদ্ধার করা হয়।
তবে চালকরা ইঞ্জিনভ্যান ফেলে পালিয়ে যাওয়ায় বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়নি। উদ্ধারকৃত চিংড়ি পোনাগুলো কাষ্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে।
