গুলশানে হতাহতের ঘটনায় ভুটানের সাবেক রাজার শোক

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:২০
 
ঢাকার গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুক। রবিবার থিম্পুর রাষ্ট্রীয় অতিথি ভবন র‌্যাভেন হাউজে সাবেক রাজার সঙ্গে সাক্ষাত্ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে শোক প্রকাশ করেন জিগমে সিংহে।
 
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, সন্ত্রাসী হামলার শিকার হতাহতের ঘটনায় জিগমে সিংহে ওয়াংচুক শোক প্রকাশ করেন এবং এর সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ায় জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন তিনি।
 
তিনি বলেন, রাজা এবং রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার এবং কার্যকর করতে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ‍ওপর গুরুত্ব দেন। ভুটানের পণ্য বাংলাদেশে রফতানিতে সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। ভুটানও বাংলাদেশের তৈরি পোশাক, সিরামিক, ওষুধ, পাট, চামড়াজাত পণ্য ও মৌসুমি সবজিসহ বিভিন্ন পণ্য তার বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানায়।