কুমিল্লার অপহৃত স্কুল ছাত্রী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৫:৪৬
 
কুমিল্লা থেকে তাহমিনা আক্তার নামের (১৮) এক স্কুল ছাত্রীকে অপহরণের আড়াই মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে জেলার নাঙ্গলকোট থানা পুলিশ চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সুরমা আক্তার শিল্পী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ এপ্রিল জেলার নাঙ্গলকোট উপজেলা সদর থেকে ঐ ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।
 
জানা যায়, সংঘবদ্ধ একটি অপহরণকারী চক্র গত ১৪ এপ্রিল বেগম জামিলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহমিনাকে উপজেলা সদরের বটতলা সিএনজি স্টেশন থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ ঐ ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে এবং নাঙ্গলকোটের হরিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে মিল্লাতকে (২৬) আটক করে জেলহাজতে প্রেরণ করে।
 
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহূতের অবস্থান নিশ্চিত হয়ে ভোরে চট্টগ্রামের হালিশহরের ছোটপুল এলাকা থেকে ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সদস্য মিল্লাতের বোন সুরমা আক্তার শিল্পীকে গ্রেফতার করেছে। ঐ স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।