আন্তর্জাতিক ম্যাচে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের হেলমেট

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:৪৯
ক্রিকেট বিশ্বজুড়ে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার দাবি উঠেছে। তার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে সেটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটর জন্য।
 
আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেট পরতে হলে তা হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি। এডিনবরায় আইসিসির সভা শেষে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।
 
ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেটের ওপরের অংশের সঙ্গে গ্রিলের ব্যবধান সাধারণ হেলমেটের চেয়ে বেশ কম। এটি দুদিকে ‘অ্যাডজাস্টেবল’ নয়, তাতে নড়াচড়া করে কম। এতে বল কোনো ভাবেই হেলমেটের ফাঁক গলে ঢুকতে পারে না।
 
বলের আঘাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউসের মৃত্যুর পর থেকেই দাবি উঠছে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার এবং নতুন ধরনের হেলমেট ব্যবহার করার। এর পর ক্রিকেটে আরও বেশ কজন ব্যাটসম্যান চোট পেয়েছেন বলের আঘাতে।
 
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তাসকিন আহমেদের বাউন্সারে মাথার পেছন দিকে ঘাড়ের কাছে গুরুতর আঘাত পান সোহরাওয়ার্দী শুভ।
 
সদস্য দেশগুলোকে আইসিসি অনুরোধ করেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে নিজেদের ব্যাটসম্যানদের জানাতে।