রংপুরের মিঠাপুকুরে মহাসড়কের জায়গায় অবৈধভাবে স্থাপিত দোকানঘর ভেঙ্গে দেয়া হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সহকারী কশিনার (ভূমি) মামুন-অর-রশীদ পুলিশ ফোর্স নিয়ে দোকানঘরগুলো ভেঙ্গে দেন। রবিবার দৈনিক ইত্তেফাকে ‘মিঠাপুকুরে মহাসড়কে দোকানঘর নির্মাণ’ শিরোনোমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর প্রশাসন দোকান ঘর ভেঙ্গে দেন।
জানা গেছে, মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের শাহ্ আমানত ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিমধারের জায়গাটি বেদখল হয়ে যায়। জয়রামপুর ও লহনি গ্রামের কয়েকজন প্রভাবশালী এই জায়গা দখল করে। তারা মহাসড়ক থেকে মাত্র ৩ মিটার দূরত্বে ১২টি দোকানঘর নির্মাণ করেন । ফলে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। রবিবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে প্রকাশ হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদ বিকেলে পুলিশ ফোর্স নিয়ে ১২টি দোকানঘর উচ্ছেদ করেন।
এ সময় তিনি ইত্তেফাককে জানান, মহাসড়কের খুব কাছে দোকনঘনগুলো নির্মাণ করায় প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটতো। দোকানঘরগুলো মহাসড়কের জায়গায় স্থাপন করায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে।
