অবসর নিয়ে ভাবছেন না মাসচেরানো

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:৩২
আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের কথা ভাবছেন না আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানো। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন, নাকি খেলা চালিয়ে যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয় বলে জানান তিনি।
 
চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তখন মাসচেরানোও অবসর নেবেন বলে খবর বের হয়েছিল।
 
৩২ বছর বয়সী মাসচেরানো গত শনিবার বলেন, “আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি কোনো মন্তব্য করব না।  আমি যা ভাবছি তা নিজের মধ্যেই রাখব এবং কাউকে কিছু বলতে চাই না। কারণ, আমরা মাত্রই একটি খুব কষ্টের কোপা আমেরিকা শেষ করেছি।”
 
তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এটা নয়।’ 
 
ইতালির সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাস মাসচেরানোকে পেতে চায়। তবে বার্সেলোনার এই ডিফেন্ডার জানান, কাতালান ক্লাবটির হয়ে আরও অনেক বছর খেলে যেতে চান তিনি।