জঙ্গিবাদ রুখতে জামায়াত ও জঙ্গি পৃষ্ঠপোষকদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলাবাহিনী অতি দ্রুততম সময়ের মধ্যে এই নৈরাজ্যকর ঘটনার পরিসমাপ্তি ঘটিয়েছে। আজ যে অবস্থা চলছে তা আর কোনো অবস্থাতেই চলতে দেয়া যায় না। আমরা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই।
তিনি বলেন, শুধু কওমি মাদরাসাই নয়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সন্ত্রাসী কার্যক্রমে অংশ নিচ্ছে। তাদের ঠেকাতে অভিভাবক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সচেতন হতে হবে।
ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি বদিউজ্জামান সোহাগ, প্রাক্তন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ এম জাকির হোসাইন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বের হয়ে পরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
