জনগণকে সাথে নিয়ে দানবীয় শক্তিকে দমন করা হবে: নাসিম

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২১:০৫
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেছেন, ভয়কে জয় করে জনগণকে সঙ্গে নিয়ে দানবীয় শক্তিকে দমন করা হবে। কোন দানবীয় শক্তির কাছে মানবতার শক্তি পরাজিত হতে পারে না। 
 
রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গুলশানের ওই হামলার সঙ্গে কারা জড়িত থাকতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, কমান্ডো অভিযানে যে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে, তারা সবাই এখানকার লোক এবং এখানকার সন্তান। কারা এর সঙ্গে জড়িত তা আপনারাও বুঝতে পারছেন। প্রশিক্ষিত শিবির যারাই, তারাই এ ঘটনাগুলো ঘটাচ্ছে। আসলে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। কিন্তু এসব করে কোন কাজ হবে না। 
 
তিনি বলেন, সফল অপারেশনের পর প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে কাউকে আক্রমণ করেননি, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ এ ঘটনাকে দুঃশাসনের প্রতিক্রিয়া হিসেবে রক্তাক্ত অভ্যুত্থান অভিহিত করেছেন খালেদা জিয়া। এ বক্তব্যের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রকারান্তরে খুনিদের পক্ষ অবলম্বন করেছেন।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলায় জড়িতদের ব্যাপারে তদন্ত হচ্ছে। জড়িতদের খুঁজে বের করা হবে। নির্ঘুম রাত যাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী নেতৃত্বের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করায় তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এছাড়াও সে দিনের সেই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান, ভারত এবং ইতালির প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকল দেশের প্রতিও ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।