গুলশান হামলা : নিহতদের স্মরণে শ্রদ্ধা

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৯:৫৭
রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বন্ধু, স্বজন ও সাধারণ মানুষ। গুলশানের ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের সামনে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
রবিবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন মানুষ। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী বলেন, ধর্মের নামে বিকৃতি, ধর্মের নামে খুনোখুনি বন্ধ করতে হবে। তাহলে আমরা সোনার বাংলা গড়তে পারব। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।
 
চিত্রশিল্পী মনিরুজ্জামান বলেন, আমরা ধর্মনিরপেক্ষ দেশ চাই। যেখানে সব ধরনের মানুষ মিলেমিশে বসবাস করবে।
 
রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা গত শুক্রবার রাতে তিন বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। শুক্রবার রাতে অভিযান চালাতে গিয়ে মারা গেছেন পুলিশের দুই কর্মকর্তা। আর শনিবার সকালে অভিযানে মারা গেছে ছয় সন্ত্রাসী। গ্রেপ্তার হয়েছে একজন। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।