দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিবাহিনীর মৃত্যু শিবির থেকে বেঁচে ফেরা এলি উইজেল মারা গেছেন। লাখ লাখ মানুষের মৃত্যুকে ভুলতে না দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া এই নোবেলজয়ী শনিবার নিউইয়র্কে নিজ বাড়িতে মারা যান।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। উইজেল নাৎসী বাহিনীর মৃত্যুশিবির নিয়ে একটি বই লেখেন। ‘নাইট’ নামের ওই বইতে তার বিখ্যাত উক্তি:- ওই মৃত্যুকে ভুলে যাওয়া তাদের দ্বিতীয়বার হত্যা করার সামিল। জার্মানির তৎকালীন শাসক অ্যাডলফ হিটলারের নাৎসিবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ৬০ লাখ ইহুদিকে হত্যা করে, যাদের মধ্যে ১৫ লাখই ছিল শিশু।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে প্রায় ৯০ লাখ ইহুদির বাস ছিল। ওই সময় ইহুদি নন এমন আরও প্রায় ৫০ লাখ মানুষ নাৎসিদের গণহত্যার শিকার হয়। ইতিহাসে ওই গণহত্যা হলোকাস্ট নামে পরিচিত। রোমানিয়ায় জন্মগ্রহণ করা উইজেল একাধারে একজন লেখক, দার্শনিক, বক্তা, নাট্যকার এবং অধ্যাপক ছিলেন।
১৯৮৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। নোবেল কমিটি উইজেলের প্রশংসায় তাকে ‘মানবতার বার্তাবাহক’ বলে বর্ণনা করে। হলোকাস্টের নৃশংসতাকে বিশ্ববাসীকে কখনও ভুলতে না দেওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া উইজেল কখনও প্রচারণা থেকে পিছিয়ে আসেননি। বিবিসি।
