গুলশানে হামলাকারীদের আন্তর্জাতিক সংশ্লিষ্টতা থাকতে পারে : আইজিপি

আপডেট : ০৩ জুলাই ২০১৬, ২০:৩০
গুলশানে ক্যাফেতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে হত্যাকারীরা জেএমবির সদস্য বলে দাবি করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
 
ওই হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য আলমগীর ও প্রদীপ এবং গাড়িচালক আব্দুর রাজ্জাককে রবিবার দেখতে হাসপাতালে গিয়ে তিনি এ দাবি করেন।
 
আইজিপি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে মনে করছি, হামলাকারীরা জেএমবির সদস্য এবং জেএমবির সদস্য হিসেবেই আমরা তাদের খুঁজছিলাম। হামলায় জড়িতদের আন্তর্জাতিক সংশ্লিষ্টতাও থাকতে পারে।’
 
ঢাকায় নজিরবিহীন এই হামলার কয়েক ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা আসে ইন্টারনেটে। হামলাকারী ৫ জনকে নিজেদের সদস্য হিসেবে তুলে ধরে তাদের ছবিও প্রকাশ করা হয়।
 
গুলশান হামলার দায় স্বীকার এবং পুলিশের আগেই হামলাকারীদের ছবি আইএস দেয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আিইজিপি বলেন, ‘এখন তো পৃথিবী ওপেন, যে কোনো লোক, যে কোনো সময় নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ করতে পারে। ইন্টারন্যাশনাল টেরোরিস্ট গ্রুপের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।’