বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রবিবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তরদিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ জন্য উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সূত্র আরো জানায়, আকাশে গভীর সঞ্চালনশীল মেঘ সৃষ্টি অব্যাহত থাকায় রবিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
