সিদ্ধিরগঞ্জে পাউবোর ১০ একর জমি প্রভাবশালীদের দখলে

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০১:২৫
সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০ একর জমি দখল করে নিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। ওই চক্রটি দখল করা জায়গায় ঘরবাড়ি, দোকানপাট ও মোটর গ্যারেজ বানিয়ে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। একই সাথে ওই এলাকায় বসানো হয়েছে মাদকের আড্ডা।
 
জানা যায়, তত্ত্ব্বাবধায়ক সরকারের আমলে আটি এলাকার ওয়াপদা কলোনির পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ডের ১০ একর জমি সীমানা প্রাচীর দিয়ে অবৈধ দখলমুক্ত করা হয়। এরপর সেখানে পাউবোর কোনো স্থাপনা বা কার্যক্রম না থাকায় জমিটি আবারো অবৈধ দখলে চলে গেছে।
 

সরেজমিনে ওই জমিতে গিয়ে দেখা যায়, সামীনা প্রাচীরের ভিতরে অর্ধশতাধিক দোকান ও ঘরবাড়ি রয়েছে। রয়েছে রিকশা গ্যারেজ ও ট্রাক রাখার স্থান। কয়েকজন দোকানি ও ঘরের বাসিন্দা জানায়, প্রভাবশালীরা ঘর প্রতি ২ হাজার টাকা, দোকান ১ হাজার ৫শ টাকা করে আদায় করে। এ ছাড়াও এখানে দিনে-রাতে বসে মাদকের আড্ডা। বিভিন্ন এলাকার মাদকসেবী ও বিক্রেতারা এখানে বসেই নেশা সেবন ও বিক্রি করে। একটি সূত্র জানায়, স্থানীয় প্রভাবশালী এক নেতার নেতৃত্বে এসব অপকর্ম হচ্ছে। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিজাম উদ্দিন জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রক্রিয়া চলছে। ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার পরপরই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।