কক্সবাজারের টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত তার স্ত্রী ইয়াছমিন আক্তার ওরফে জোহরা (৫২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম (৬০) টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্বজনদের অভিযোগ, টেকনাফের পল্লান পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের সঙ্গে সিরাজুলের ব্যক্তিগত বিরোধ ছিল। হাকিম মিয়ানমারের নাগরিক হলেও বহু বছর ধরে পল্লান পাড়ায় বসবাস করে আসছেন। তিনিই লোক পাঠিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
পুলিশ জানায়, সিরাজুল রাতে শোবার ঘরের জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। একই খাটে তার স্ত্রীও ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে খোলা জানালা দিয়ে ঘুমন্ত দম্পতিকে গুলি করা হয়। এ সময় গুলিবিদ্ধ জোহরার চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে খুনিরা পালিয়ে যায়। পরে স্বজনরা ওই দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
