‘খালেদা জিয়ার ঐক্যের আহ্বান আন্তরিক নয়’

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৪:৪৫
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, 'খালেদা জিয়ার ঐক্যের আহ্বান আন্তরিক নয়। তিনি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে গেলে তার ঐক্যের আহ্বান সত্য প্রমাণ হতো।'
 
সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জঙ্গিবাদ নির্মূলে জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
 
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, সেটা ভালো কথা। কিন্তু তিনি সুযোগ হারিয়েছেন। কারণ আজ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীসহ সবাই যখন শ্রদ্ধা জানাতে গেছেন, খালেদা জিয়া সেখানে না গিয়ে অন্য নেতাদের পাঠিয়েছেন।’
 
তিনি বলেন, যারা সন্ত্রাসের সঙ্গে, জামায়াতের সঙ্গে চলাফেরা করে তাদের সঙ্গে কোনো ঐক্য নয়।
 
আয়োজক সংগঠন অপরাজেয় বাংলাদেশের আহ্বায়ক এইচ রহমান মিলুর সভাপতিত্বে আলোচনায় ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা বক্তব্য রাখেন।