ইনজুরির কারণে ইউরো থেকে ছিটকে পড়েলেন জার্মান তারকা মারিও গোমেজ। এছাড়া বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে খেলা নিয়ে সংশয়ে রয়েছেন সামি খেদিরা ও অধিনায়ক বাস্তিয়ান শোয়েইন্সটেইগারও।
সোমবার এই তথ্য নিশ্চিত করেছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।
কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচে থাইয়ের ইনজুরিতে পড়েন গোমেজ। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে ইনজুরির মাত্র নির্ণয় করার পরে তাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে জুভেন্টাসের মিডফিল্ডার খেদিরার কুঁচকির পেশীতে টান পড়েছে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা শোয়েন্সটেইগারের হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
সে কারণেই মার্সেইর ম্যাচটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। উভয়কেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে জার্মান কোচ জোয়াকিম লো বলেছেন, এটা সত্যিই দুঃখজনক যে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে না পাওয়া। বিশেষ করে আমি মারিওর জন্য খুবই দুঃখিত। এবারের ইউরোতে সে খুব ভাল খেলছে ও দলকে সহযোগিতা করছে। এখন আমাদের সামনে নতুন পরিস্থিতিকে গ্রহণ করে নেয়া ও উদ্ভূত পরিস্থিতির সমাধান খুঁজে বের করা ছাড়া কোন উপায় নেই। যদিও পুরো দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে, প্রত্যেকেই অত্যন্ত উঁচুমানের খেলোয়াড়। সেমিফাইনালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।
গোমেজের স্থানে লোয়ের হাতে রয়েছেন বিশ্বকাপের ফাইনারের একমাত্র গোলদাতা মারিও গুটেজ। এছাড়া স্ট্রাইকার হিসেবে থমাস মুলারও রয়েছেন।
তবে বৃহস্পতিবারের আগে ফিট হয়ে না উঠলে খেদিরা ও শোয়েন্সটেইগারের বদলি খেলোয়াড়ের অভাব দলে রয়েছে। মাঝমাঠে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসের সাথে সাথে খেলতে পারেন জসুয়া কিমিচ। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ডের ২০ বছর বয়সী মিডফিল্ডার জুলিয়ান ওয়েইগেলের ওপর জো আস্থা রাখতে পারেন। কিন্তু এই পর্যায়ে বিষয়টা একটু ঝুঁকি হয়ে যায়।
