রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৬:২৪
রবিবার রাতে চারঘাট উপজেলার ঝিকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। পুলিশ সোমবার সকালে এ তথ্য জানায়। নিহতরা হলেন- সুইট (২৫) এবং আলি হোসেন (২৮)।
 
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান, রবিবার রাত ১০টার দিকে মালবোঝাই একটি হিউম্যান হলার বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় পথচারী সুইট ঘটনাস্থলেই নিহত হন এবং হিউম্যান হলারের সহকারী আলি হোসেন আহত হন। 
 
আলি হোসেনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন।
 
মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।