জার্মানির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি ব্যর্থতার ঘটনা কখনোই ভুলতে পারবেন না ইতালীয় দলের স্ট্রাইকার সিমোনে জাজা। শনিবার ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হেরে টুর্র্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইতালি। এর আগে ১-১ গোলে ড্র ছিল নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা।
ওই ম্যাচে জার্মান তারকাদের পাশাপাশি পেনাল্টি মিসের মহড়ায় লিপ্ত হয় ইতালীয় তারকারাও।
জাজার মতে, তিনি সব সময় ব্যতিক্রমী পন্থা অবলম্বন করে পেনাল্টিতে গোলরক্ষকদের বোকা বানিয়ে আসছেন। তবে গোলরক্ষক ন্যুয়ারের বিপক্ষে তিনি সফল হতে পারেননি। যেটি ভুলে থাকাটা তার জন্য অসম্ভব ব্যাপার হবে।
জাজা বলেন, ‘আমি সব সময় এরকম পদ্ধতিতেই পেনাল্টি শট নিয়ে সফল হয়ে আসছি। এখানেও ধারণা ছিল গোল হবে। ন্যুয়ারকেও আমি ভুল পথে বল মেরেছিলাম। তবে দুর্ভাগ্যবশত বলটি উপরে ওঠে যায়। ফলে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায় আমাকে বহন করতে হবে জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত। আমি ইতালীবাসীদের হতাশ করেছি, এজন্য দুঃখিত। এখন আমি এটিকে ভুলে থাকতে চাই। তবে বিষয়টা বেশ কঠিন। আমি ইতালীয়দের বলতে চাই যে আমরা সাধ্যের সবটুকুই বজায় রেখেছি।
সমর্থকরাও এটি অনুধাবন করেছেন যে আমরা সর্বস্ব দিয়ে লড়েছি। তাই দেশে আমরা যে অভ্যর্থনা পেয়েছি তাতে আমি খুশি। আমি জানি, তারা আমাদের বুঝতে পেরেছে।’
