যশোর শহরে অর্ধশতাধিক স্থানে ঈদ জামাত

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৮:০৮
যশোর শহরে এবার অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
 
প্রতিবারের মতো এবারও ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় এখানে ঈদের প্রধান জামাত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে এই সময়েই যশোর কালেক্টরেট মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
 
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, এবার শহরের অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত আদায় করার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে বর্ষার কারণে অনেক ঈদগাহের মাঠে কাদা পানি জমে থাকায় বেশিরভাগ এলাকায় মসজিদে নামাজ পড়ার আয়োজন করা হচ্ছে।
 
ইমাম পরিষদ সূত্র জানায়, ঈদের দিন সকাল ৮টা থেকে ৯টার মধ্যে জেলার সব স্থানে জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলার শীর্ষ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এখানে জামাত আদায় করেন।
 
যশোর কালেক্টরেট মসজিদের নির্ধারিত জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। নতুন উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সোয়া ৮টায়, মারকাজ মসজিদে ৮টায় ঈদের নামাজ হবে। এছাড়া দড়াটানা মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদ, রেলগেট মসজিদেও ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে এবং যশোর রেলস্টেশন প্লাটফর্মের উপরেও দুটি জামাত করা হবে।