সারাক্ষণ দেশের দায়িত্বে নিয়োজিত থাকতে হয় পুলিশে যারা কাজ করেন। চ্যালেঞ্জিং এই পেশার পর শিল্পচর্চা কিংবা অন্য কোথাও সময় দেয়া স্বাভাবিকভাবেই কঠিন।
আর এই কঠিন কাজটিই প্রতিনিয়ত করে যাচ্ছেন তৌফিক ইমাম নামের যুবক। পেশায় তৌফিক একজন পুলিশ কনস্টেবল। দেশের কাজে সদা প্রস্তুত থাকতে হয় তাকে। তবে এর বাইরেও আরেকটি পরিচয় আছে তার।
তিনি একজন অভিনেতা। পুলিশে কাজ করা তার দায়িত্ব, কর্তব্য ও দেশপ্রেম। আর অভিনয় তার ভালোবাসা। তাই যখনই সময় পান, সময় দেন অভিনয়ে।
বর্তমানে রয়েছেন শিল্পকলা একাডেমির উৎস নাট্যদলে। এখানেই কাটে তার অবসর। বগুড়া আজিজুল হক কলেজে পড়াশোনা করা তৌফিকের বেড়ে উঠা বগুড়াতেই। তবে এখন জীবিকার টানে থাকেন ঢাকায়।

তবে ভেতরে অভিনয়ের বীজ তৈরি হয়েছিলো শৈশবেই। ১০ম শ্রেণীতে পড়া অবস্থাতেই সর্বপ্রথম অভিনায় মঞ্চে ওঠেন তিনি। এরপর আর থেমে থাকেন নি। যোগ দেন বগুড়ার একটি থিয়েটারে। মাঝে পুলিশে যোগদানের জন্য বেশ কিছুটা সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিলো। কিন্ত ভুলে যাননি কখনো। ভালোবাসার এই কাজটিকে আপন করে রেখেছেন সবসময়।
আর এজন্য তাকে তার পরিবার ও বন্ধুরা সবসময় সমর্থন দিয়েছেন বলে জানান তৌফিক। তিনি বলেন, আমি ফুলটাইম ডিউটি করি। এরপর অভিনযে সময় দেই। দুটো বিষয় নিয়ে সামলাতে আমার কষ্ট হয়। কিন্তু অভিনয়ের প্রতি ভালোবাসা এবং পরিবারের সমর্থনে এই পরিশ্রম করার সাহস পাই।
মঞ্চ থেকে তৌফিকের অভিনয় শুরু হলেও কাজ করেছেন ছোটপর্দা ও বড়পর্দাতেও। বিটিভি সহ বেশ কিছু চ্যানেলে কাজ করার সুযোগ পেয়েছন। কাজ করছেন বড়পর্দাতেও।

খুব শিগগিরই মুক্তি পাবে রুবেল আনুশ পরিচালিত নিষিদ্ধ প্রেমের গল্প চলচ্চিত্রটি। এই ছবিতেও অভিনয় করেছেন তৌফিক। এছাড়া আরো চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
