জঙ্গি হামলার ব্যাপারে ঢাকাকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দারা

আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২০:০৮
বাংলাদেশের গুলশানে হওয়া জঙ্গি হামলার বিষয়ে সরাসরি কোন তথ্য না দিলেও হামলার সম্ভাবনার কথা ঢাকাকে আগেই জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীয় উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত কয়েক মাস ধরে ভারতীয় গোয়েন্দারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বাংলাদেশকে জানিয়েছিল, আইএস জঙ্গিদের আক্রমণের সম্ভাবনা তীব্র হচ্ছে।
 
বাংলাদেশের এই কর্মকর্তা আরো জানান, ভারতীয় কোন গোয়েন্দা সংস্থা স্পষ্ট করে শুক্রবারের আক্রমণের বিষয়ে কিছু জানাতে পারেনি। তবে তারা জানিয়েছিল, ভারতের প্রান্তিক কিছু এলাকায় বাংলাদেশে আক্রমণের জন্য ট্রেনিং নিচ্ছিল জঙ্গিরা। তারা আইএসের আক্রমণ সম্পর্কেও বলে এ সময়।
 
'ভারতের এই সতর্কতা বিষয়ক মন্তব্য এসেছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে। তারা জানিয়েছিল জিহাদিরা বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে বিচ্ছিন্ন বেশ কিছু তথ্য ছিল। কিন্তু তাদের একত্র করে এই আক্রমণ সম্পর্কে আগেই বুঝতে পারার মত কোন তথ্য ছিল না।' ভারতের গণমাধ্যমকে জানায় বাংলাদেশের এই কর্মকর্তা।
 
বিষয়টি নিয়ে তদন্তে নিয়োজিত বাংলাদেশের অপর এক কর্মকর্তা জানান, ঢাকায় হওয়া এই হামলার পর এখন আমরা মূলত জঙ্গিদের অর্থ ও অস্ত্র সরবরাহের স্থানগুলো চিহ্নিত করার চেষ্টা করছি।
আইএস তাদের ম্যাগাজিন 'দাবাক'-এ জানিয়েছিল, তাদের সম্ভাব্য টার্গেটের মধ্যে আছে বাংলাদেশ। এরপর আনসারুল্লাহ বাংলাসহ বেশি কিছু জঙ্গি সংগঠনের নামে গুপ্ত হত্যা শুরু হয়। এ সকল হত্যাকাণ্ড নিয়ে চলতি তদন্তের মধ্যেই হয়ে গেল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় জঙ্গি হামলা। গুলশানে হওয়া এই হামলায় ২০ জন জিম্মিকে হত্যা করা হয়। এ ছাড়াও জঙ্গিদের গুলিতে মারা যায় ২ জন পুলিশ কর্মকর্তা।