রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ-ভুটানের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জলবিদ্যুৎ এবং আঞ্চলিক যোগাযোগ ভ্রাতৃপ্রতিম দু’দেশের জনগণের মধ্যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
আজ মঙ্গলবার ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণকালে বলেন, আমাদের অবশ্যই দু’দেশের জনগণের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।
জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা প্রদানে সুনির্দিষ্ট সাফল্য আনতে আরো পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, তিনি জেনে অত্যন্ত আনন্দিত যে, প্রতিবেশী তিনটি দেশের সমন্বয়ে ত্রি-জাতীয় এই জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
আঞ্চলিক যোগাযোগ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, এ্টা খুবই শুভ সংবাদ যে, ২০১৬ সালের ২১ জুন ভুটানের জাতীয় পরিষদে বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট সম্পর্কিত বিল পাস হয়েছে।
তিনি আরো বলেন, আমি আশা করি, এর ফলে এই উপ-অঞ্চলে দীর্ঘ যোগাযোগ ব্যবস্থা চালু হবে।
ঢাকার রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আমি অত্যন্ত ভ্রারাক্রান্ত, কারণ দুঃখজনকভাবে ঢাকার একটি রেস্টুরেন্ট ১ জুলাই একদল সস্ত্রাসী কিছু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। আমি পুনর্ব্যক্ত করছি যে, এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডে আমরা ভীত নই এবং আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ।
রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক বিশেষ করে জলবিদ্যুৎ, পানিসম্পদ ব্যবস্থাপনা, আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ ও বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী।
বাংলাদেশ-ভুটান পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপ গঠনের প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই গ্রুপ দু’দেশের পার্লামেন্টারী সহযোগিতার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমি নিশ্চিত, দু’দেশের পার্লামেন্ট সদস্যদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় ও অনুশীলন বাংলাদেশ-ভুটানের সম্পর্ককে আরো সুসংহত করবে।
তিনি বলেন, বাংলাদেশ ও ভুটান এ অঞ্চলে জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে গুণগত সাফল্য অর্জন করেছে- যা ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।
বাসস।
