ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তমি আর নেই। সোমবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। প্যারিসে বসবাসরত এই চলচ্চিত্রকার বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন।
‘টেস্ট অব চেরি’ সিনেমার জন্য ১৯৯৭ সালে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি’ওর পান। এছাড়া তার ‘সার্টিফায়েড কপি’, ‘দ্য উইন্ড উইল ক্যারি আজ’ আন্তর্জাতিক অঙ্গনে দর্শকদের কাছে বেশ আলোচিত হয়।

১৯৭০ সাল থেকেই একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক ও আলোকচিত্র শিল্পী হিসেবে চলচ্চিত্র অঙ্গণে কাজ করে আসছিলেন কিয়ারোস্তমি।

ইরানের বিপ্লব পরবর্তী নতুন চলচ্চিত্র আন্দোলন বা ইরানি নিউ ওয়েভের রূপকার বলা হয় আব্বাস কিয়ারোস্তমিকে।
