কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক পুরুষ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন খাদঘর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত আরও ১৫ যাত্রী আহত হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১২জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ৩জনকে একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী এশিয়া পরিবহনের একটি বাস অন্য একটি বাসের সাথে পাল্লা দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
