বাংলাদেশের হয়ে প্রথম এশিয়ান ট্যুর জিতেছেন, গলফ বিশ্বকাপেও প্রথম বাংলাদেশি হিসেবে অংশ নিয়েছেন সিদ্দিকুর রহমান। এবার দেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার পথে এগিয়েছেন তারকা এই গলফার।
তাইওয়ানের ইয়েঙ্গডার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর। হয়েছেন ৫৯তম। তবে এতটুকুতেই রিও দে জেনোইরোর অলিম্পিকে সরাসরি খেলার পথে আরেক পা এগিয়েছেন তিনি।
অলিম্পিকের র্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থেকে তাইওয়ানের ইয়েঙ্গডার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপ শুরু করেন সিদ্দিকুর। এই আসরের পর গত সোমবার প্রকাশিত অলিম্পিকের সর্ব শেষ র্যাঙ্কিংয়ে ৫৩তম স্থানে উঠে এসেছেন ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান জেতা এই গলফার।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৯৬তম স্থানে থেকে তাইওয়ানের আসর শুরু করেছিলেন সিদ্দিকুর; অলিম্পিকের র্যাংকিংয়ে এগুলেও গত রোববার সর্ব শেষ প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩০৩তম স্থানে নেমে গেছেন তিনি।
নিয়ম অনুযায়ী আগামী ১১ জুলাইয়ের বিশ্ব র্যাংকিং থেকে ৬০ জন গলফার অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। তবে র্যাংকিংয়ের সেরা ১৫ জনের মধ্যে প্রতি দেশ থেকে সর্বোচ্চ ৪ জন এবং সেরা পনেরোর পর প্রতি দেশ থেকে সর্বোচ্চ দুই জন সুযোগ পাবেন। কোনো দেশের কোটা পূর্ণ হয়ে গেলে র্যাংঙ্কিংয়ের উপরের দিকে থাকলেও আর সুযোগ মিলবে না সেই দেশের অন্য গলফারদের।
এই নিয়ম মেনে বানানো অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৬০ জনের মধ্যে থাকতে পারলেই অলিম্পিকে সরাসরি খেলার টিকেট পকেটে পুরবেন দুটি এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর। আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও ডি জেনিরোর অলিম্পিকে শুরু হবে।
এরই মধ্যে রিও দে জেনেইরো অলিম্পিকে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকি ও আর্চার শ্যামলী রায়।
