জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় মুন্সীগঞ্জ জেলায় ২৯৮টি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঈদের জন্য ২৯০টি কমিটি এবং রথযাত্রার জন্য ৮টি কমটি করা হয়েছে।
কমিটিগুলো সুষ্ঠভাবে ঈদের জামাত সম্পন্ন করাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা এবং একই সাথে জেলার রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন এবং এলাকার সামাজিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটিগুলোতে নেতৃস্থানীয় ব্যক্তি-বর্গদের সম্পৃক্ত করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান মঙ্গলবার বিকালে জানান, সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে কমিটিগুলো স্ব স্ব দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান জানান, তার উপজেলায় মসজিদের ছাড়াও আরও ৫৭টি গুরুত্বপূর্ণ ঈদগাহ রয়েছে। এই ৫৭ টি ঈদ জামাতের জন্য ৫৭ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া রথযাত্রার জন্য আরও দু'টি কমিটি গঠিত হয়েছে।
অনুরূপভাবে লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নসহ গুরুত্বপূর্ণ ঈদগাহ এবং রথযাত্রার জন্য আলাদা কমিটি গঠন করা হয়।
