গুলশানে সন্ত্রাসী হামলা মোকাবেলায় অপারাশেন থান্ডারবোল্টে ভুল করে এক জিম্মিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বাংলাদেশ পুলিশ তাদের এই ভুল স্বীকার করেছে বলেও জানিয়েছে তারা। যৌথ বাহিনী থেকে জানানো হয়, অভিযানে ছয়জন জঙ্গি নিহত হয়েছে।কিন্তু পরে তারা জানায়, ছয়জনের মধ্যে একজন ওই হোটেলের কর্মী। সাইফুল ইসলাম চৌকিদার নামে ঐ ব্যক্তি মূলত একজন জিম্মি ছিলেন।
তিনি হোটেলের পিজা শেফ ছিলেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, তাকে প্রথমে জঙ্গি মনে করা হলেও পরে জানা যায় পুলিশ ভুল করে তাকে গুলি করেছিলো।
সাইফুলের আত্মীয়রা ছবি দেখেই তাকে চিনতে পারে। সোলায়মান নামে তার এক আত্মীয় বলেন, ‘আমরা ছবি দেখার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানাই। কারণ আমরা জানি সে জঙ্গি নয়। আমরা সেনাবাহিনীর কাছে যাওয়ার পর তারা লাশ ফেরত দিতে চায়নি। সে নাকি সন্দেহের তালিকায় ছিলো।’
চৌকিদারের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।
এদিকে পুলিশের মহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া বলেছেন, হামলাকারী জঙ্গিরা সবাই জেএমবির সদস্য। আইএস এর সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তারা হামলার ব্যাপারে অবগত ছিলেন। তারা জানতেন রাজধানীর কোথাও হামলা হবে।
তবে পুলিশের ধারণা ছিলো, দূতাবাস ও বড় হোটেলগুলোতে হামলা হবে। এইচ টি ইমাম বলেন, ‘পুলিশ ভাবতেই পারেনি যে গুলশানের ওই রেস্তোরাঁয় হামলা হতে পারে। গোয়েন্দাদের কোথাও ভুল ছিলো কিনা সেটাও খতিয়ে দেখা হবে।’ বিবিসি ও রয়টার্স
