সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘এবারের ঈদে গত কয়েক বছরের তুলনা ঘরমুখো মানুষের দুর্ভোগ কম হয়েছে। জানজট, বৃষ্টি এবং রাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের করণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী আর নেই। এখন চ্যালেঞ্জ কর্মস্থলে ফিরে আসা মানুষদের নিয়ে। তারা কি ভাবে স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুধু ঈদের দিন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছুটি দেয়া হয়েছে।’
বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তায় ঈদে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঈদের পর রাস্তার পাশ থেকে সব ধরনের বিলবোর্ড উচ্ছেদ করা হবে। বৃষ্টির কারণে যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব রাস্তা দ্রুতগতিতে মেরাতম সম্পন্ন করাই এখন আমাদের কাজ।’
এ সময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার), গাজীপুর সওজ এর নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
