গুলশান হামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে ২৪ অগাস্টের মধ্যে

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৬:১৫
গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে পুলিশের করা মামলায় তদন্ত প্রতিবেদন ২৪ অগাস্টের মধ্যে দিতে বলেছে আদালত। ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী বুধবার এই আদেশ দেন।
 
আজ পুলিশ ওই মামলার নথি আদালতে উপস্থাপন করে। পরে মহানগর হাকিম ওই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
 
১ জুলাই রাতে ওই হামলার ঘটনায় গত সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়। ওই ঘটনায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। 
 
গত শুক্রবার রাজধানীর কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্র ও বিস্ফোরক নিয়ে হানা দেয় একদল তরুণ। হামলা ঠেকাতে গিয়ে গুলি ও বোমায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।