'ঈদ সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে'

আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৯:০৭
 
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
 
গণমাধ্যমে পাঠানো এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, 'মাসব্যাপী সিয়াম সাধনার পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় পবিত্র ঈদ উল ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ উল ফিতরের আবেদন তাই চিরন্তন। ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ-এ প্রত্যাশা করি। পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।'