বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়ে ছাড়া ভিডিওবার্তায় “কথিত” আইএস তরুণকে তার পরিবারের লোকজন শনাক্ত করতে পেরেছে। সে সাবেক এক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে। আইএস তরুণটির পরিচয় দিয়েছে তাহমিদ রহমান শাফি নামে।
২০০২ সালে উচ্চ মাধ্যমিক শেষে তাহমিদ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়েছেন বলে জানা গেছে।
তাহমিদ পরে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনে কিছু দিন চাকরি করেন বলে সেখানকার কয়েকজন সহকর্মী জানিয়েছেন।
ফেইসবুকে কয়েকজন তাহমিদের পরিচয় দিয়েছে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এর প্রথম আয়োজনের শীর্ষ ১৫ তে ছিলেন। কয়েকজন তথ্য দিয়েছেন তাহমিদ গ্রামীণফোনে চাকরি করতেন।
তার সাবেক সহপাঠীদের কয়েকজন বলছেন, প্রায় তিন বছর আগে তাহমিদের সঙ্গে শেষ দেখা হয় তাদের।
রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় প্রয়াত শফিউর রহমানের বাসা বলে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন। তবে বিস্তারিত ঠিকানা জানাতে পারেননি তিনি।
তাহমিদের বাবা শফিউর রহমান পাকিস্তান আমলে সিভিল সার্ভিসে যোগ দিয়ে স্বরাষ্ট্র ও জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২০০০ সালের ২৫ জুন থেকে ২০০৫ সালের ২৫ জুন পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে শফিউর রহমানের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১৮ অগাস্ট ৭৫ বছর বয়সে মারা যান তিনি।
