প্লাতিনির পাশে রোনালদো

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১২:৩০
রোনালদো নৈপুণ্যে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে ইউরোর ফাইনালে উঠেছে পর্তুগাল। তবে দলীয় অর্জনের পাশে এদিন ব্যক্তিগত দারুণ এক কীর্তি গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওয়েলসের বিপক্ষে গোল করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
 
৯ গোল নিয়ে রেকর্ডের এ পাতায় এতদিন একাই ছিলেন প্লাতিনি। ১৯৮৪ সালের আসরেই সবগুলো গোল করেছিলেন ফ্রান্সের এই কিংবদন্তি। এবার তার দেশে এসে রেকর্ড ছুঁলেন রোনালদো।
 
ফাইনালে গোল করে এখন রোনালদোর প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
 
২০০৮ সালের আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বে চেক রিপাবলিককে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচে গোল করেন রোনালদো। অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের আসরে সেটিই ছিল পর্তুগিজ ফরোয়ার্ডের একমাত্র গোল।
 
২০১২ সালের আসরে ৩ গোল করেন রোনালদো। পোল্যান্ড-ইউক্রেনে হওয়া টুর্নামেন্টে সেমিফাইনালে স্পেনের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন গুঁড়িয়ে যায় পর্তুগালের।
 
এবার ফ্রান্সের আসরে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে জোড়া করে প্লাতিনির পাশে বসার কাজটি অনেক এগিয়ে নেন রোনালদো। ইউরোয় প্রথম বার খেলতে আসা ওয়েলসের রূপকথার পথচলা থামানো ম্যাচে সারেন বাকি কাজটুকু।
 
হাঙ্গেরির জালে লক্ষ্যভেদ করেই প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি আসরে (২০০৪, ২০০৮, ২০১২ ও ২০১৬) গোল করার কীর্তি গড়েন রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। ওই ম্যাচেই গড়েন ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও।