অনেকদিন ধরেই কথা চলছিলো, বিক্রি হয়ে যেতে পারে ইতালিয়ান ক্লাব এসি মিলান। অবশেষে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও ক্লাবটির মালিক সিলভিও বারলুসকোনির কাছ থেকে ঐতিহ্যবাহী ক্লাবটি কিনে নিয়েছে চীনা কনসোর্টিয়াম।
মঙ্গলবার বারলুসকোনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই বছর চীনা কনসোর্টিয়াম ৪০০ মিলিয়ন ইউরো ক্লাবটিকে প্রদান করবে।
সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ক্রেতার নামটি সুস্পষ্ট কারণেই বলছি না। শুধু এটুকু নিশ্চিত করছি, মিলানের ক্লাবটিকে কিনে নিয়েছে চীনা গ্রুপ। ক্লাবটিকে ঘিরে তাদের অনেক স্বপ্ন। নতুন মালিক ক্লাবটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’
মিলানের জার্সিতে খেলেছেন বিশ্বসেরা অনেক খেলোয়াড়। গত বছর ক্লাবটির ৯৩.৫ মিলিয়ন ইউরো লোকসান হয়। তখনই ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নেন বারলুসকোনি।
