‘ঈদের দিন মানুষ হত্যাকারীরা ইসলামের কেউ না’

আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৪:৩৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসে এবাদতের সময় যারা হত্যার মিশনে যায় তাদের চেয়ে জঘন্য অপরাধী আর কেউ হতে পারে না।
নামাজ না পড়ে মানুষ খুন করা কোন ধরনের ইসলাম? ঈদের জামায়াত শুরুর আগে যারা হামলা চালায় তারা কি আদৌ মুসলামান? 
 
তিনি বলেছেন, ঈদের দিন যারা মানুষ খুন করে তারা ইসলামের কেউ না। এদের প্রতিহত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
 
বৃহস্পতিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
 
প্রধানমন্ত্রী দেশের সব মানুষকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একইসঙ্গে গ্রাম, ইউনিয়ন, জেলা পর্যায়ে কমিটি গঠন করে এই বিপথগামীদের চিহ্নিত করে তাদের প্রতিহত করার নির্দেশ দেন।
 
প্রধানমন্ত্রী আরো বলেন, সন্তানদের কেউ যদি বিপথগামী হয় তাহলে যেন তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। যারা নিখোঁজ রয়েছে তাদের কথাও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ছাড়াও রেডিও, টেলিভিশনসহ সকল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে জানাতে হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, আমরা মোবাইল ফোন, ইন্টারনেটসহ নানা প্রযুক্তিগত সুবিধা দিয়েছি মানুষের ব্যবহারের জন্য, তাদের কাজ সহজ করার জন্য, কোনও জঘন্য অপরাধ সম্পাদনের জন্য নয়।